বাঙলা প্রতিদিন প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে।
বুধবার (১০ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীর একটা সমস্যা হলো, রায়পুরার মানুষ খুব অসহিষ্ণু। পিটাপিটি-মারামারি লেগেই আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তাভাবনা করছি।
তিনি আরও বলেন, ডিআইজিকে বলেছি একটা কম্বিং অপারেশন করে…। পুলিশ-র্যাব-আনসার সবাই থাকবে। এখানে হাতিয়ার রয়েছে, সেগুলো উদ্ধার এবং সন্ত্রাসীদের যেন ধরা যায়।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্না ঘর, খাবার মান, খেলার মাঠ, পুকুর ও পুলিশের প্রশিক্ষণসহ পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।



































