ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমানের কাছে বাড়ির দখলপত্র হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলা প্রশাসক মোহম্মদ মমিনুর রহমান বলেছেন, ভালো কাজের হোটেল একটি মানবিক উদ্যোগ। যারা অন্যের সেবায় কাজ করেন তাদের সাধুবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সবসময় এরকম ভালো কজের পাশে থাকবে বলে জানান তিনি।
বরাদ্দ করা বাড়ির কাগজ পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ছোটবেলা থেকে আমি এমন কাজে জড়িত হয়ে পড়ি।
পরে কলেজের সবাইকে যুক্ত করি। প্রথম দিকে কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেওয়া হয়েছিল। আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কী লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ‘ভালো কাজের হোটেল’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আরিফুর রহমানের কাছে রিকুইজিসন বাড়ির দখলপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকাল ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে দখলপত্র হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ভালো কাজের হোটেলের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। যারা অন্যের সেবায় কাজ করেন তাদের সাধুবাদ জানিয়ে আরো বলেন, জেলা প্রশাসন সব সময় এরকম ভালো কজের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ঢাকার উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), এ কে এম হেদায়েতুল ইসলাম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত জামিল সৈকিত (সিনিয়র সহকারী কমিশনার), ভূমি অধিগ্রহণ কর্মকর্তাগণ ও মো: শফিকুল ইসলাম (সহকারী কমিশনার)।
উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজের হোটেল’র নামে রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রামে ৪০০ বর্গফুটের একটি বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি টাকা।



































