বাঙলা প্রতিদিন প্রতিবেদক: অফিস সময়ের অনিয়ম রোধে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়া, বিলম্বে আসা কিংবা অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।
সোমবার ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং দেরি করে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের এই অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বেলা সাড়ে তিনটার আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল পাঁচটার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) অনুমতি নিতে হবে। একই সঙ্গে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।


































