বাঙলা প্রতিদিন প্রতিবেদক: রাজনীতি অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার, ১৯ জুলাই, ২০২৫ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। এই ঘটনা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশের’ মূল পর্ব শুরু হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন।
বেলা ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব। নাতে রাসুল পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এরপর হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।


































