নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ১৮ মে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মজনু (৩৮) ও তানভীর হাসান ফাইয়াজ (২৮)। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি লরি জব্দ এবং ২টি মোবাইল ফোন ও নগদ- ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লরিযোগে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।



































