বাঙলা প্রতিদিন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা আমাদের কাজে অটল ও দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। বাংলাদেশে যতরকম জঘন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার বিচার করা হবে।
আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ-সহ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে তার বিচার নিশ্চিত করা। এজন্য বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কার করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক যে আইন রয়েছে সরকার তার পক্ষ নিচ্ছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যবস্থা নিচ্ছে। একইসাথে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
উপদেষ্টা বলেন, এই বিচার প্রক্রিয়ার গতি নিয়ে অনেকের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত চিফ প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমার মনে হয়না যে, তাদের চেষ্টার মধ্যে কোনো গাফিলতি আছে। কারণ এই বিচার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
আইন উপদেষ্টা আরো বলেন, ওয়ান ইলেভেন সরকারের আমলে অনেক ভালো ভালো আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার তা রাখেনি। এখন অনেকেই জিজ্ঞেস করেন, আপনারা যেসব আইন করে যাচ্ছেন তা পরবর্তী সরকার রাখবে কি না? জবাবে বলেছি, আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে (যেটা ওয়ান ইলেভেন সরকার করেনি) সব রাজনৈতিক দল ও অংশীজনদের অন্তর্ভুক্ত করে যাচ্ছি।
যাতে কেউ বলতে না পারে যে, তাদের এখানে কোনো অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই সরকার বার বার তাদের সঙ্গে পরামর্শ করছে।
আইনটির প্রস্তাবিত সংশোধনী নিয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম; গুম সম্পর্কিত তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল এসিস্ট্যান্ট এহসানুল হক সমাজী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন শিশির মনির, মায়ের ডাক সংগঠনের সমন্বক সানজিদা ইসলাম প্রমুখ নিজ নিজ মতামত তুলে ধরেন।



































