বাঙলা প্রতিদিন ডেস্ক : ঢাকায় কাকরাইল এলাকায় আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টে অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী মোট ছয়টি যানবাহনকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরো ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, নগরবাসীর সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন।



































