বাঙলা প্রতিদিন প্রতিবেদক : আজ ১৪ অক্টোবর, ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’।
বিশ্বব্যাপী এসডিজি’র গোলসমূহকে প্রধান্য দিয়ে আগামী ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালন করা হবে। এ বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে।
বিশ্ব মান দিবসের এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর বিশেষভাবে এসডিজি গোল-১৭ এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যার মূল বার্তা হলো ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব’। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সুসংগঠনের মাধ্যমে সহযোগিতা জোরদার করাই লক্ষ্য।
জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মাধ্যমে এসডিজি ১৭ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএসটিআই দেশের উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। অন্যদিকে, ভোক্তাদের উচিত মানসম্পন্ন পণ্য বেছে নেওয়া ও মান বিষয়ে সচেতন থাকা।
সরকার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানসম্পন্ন শিল্প প্রতিষ্ঠা সম্ভব হবে এবং এসডিজির অন্যান্য লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া, বিটিআরসি’র সহযোগিতায় বিভিন্ন মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শিত হচ্ছে।



































