বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
ধর্মীয় উদ্ধানি, মব সন্ত্রাস ও উগ্রবাদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উগ্রবাদের বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলামের পরিচালনায় সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। তিনি তার বক্তব্যে বলেন ‘আমাদের প্রিয় অন্মভূমি বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে সমাজে চরম উত্তেজনা সৃষ্টি করছে। তাদের সৃষ্ট মর সন্ত্রাস ও সহিংসতা দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে, যার প্রধান শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই ধ্বংসাত্মক পথ থেকে দেশকে রক্ষা করতে হলে চিন্তাশীল ও দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের অনিবার্য দাবি।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িক চিন্তা-চেতনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ছাত্রসমাজই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে।। পারে। তরুণ প্রজন্মের বলিষ্ঠ অবস্থানই পারে একটি নিরাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নিশ্চিত করতে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুব আলম মাহফুজ ও আয়েশা সিদ্দিকা। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সমাজের নেত্রীবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উগ্রবাদ কেবল একটি আদর্শিক বিচ্যুতি নয়, বরং এটি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি। এই অপশক্তি রুখতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রাজপথে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। সভায় বক্তারা উগ্রবাদমুক্ত দেশ গড়তে ছাত্রদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান।



































