কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে দুই মণ ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
শুক্রবার (৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, রংপুর র্যাব-১৩।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নুর ইসলাম বাড়াইতাড়ী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-৩, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নুর ইসলামের বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।
এ সময় খাটের নীচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৩ কেজি ৫শ’ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই নুর ইসলামকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। জব্দ গাঁজাসহ তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’


































