বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মদ, নেশাজাতীয় দ্রব্য, ভারতী পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় যশোর বিজিবি একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৯ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী ও এনার্জি ড্রিংক্স, যশোর বিজিবি কর্তৃক ২ কোটি ২৩ লক্ষ টাকা মু্ল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে। এছাড়াও কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সফল দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে। বিজিবির পেশাদারিত্ব, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং কঠোর সীমান্ত নজরদারির ফলে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি-এর একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চাইডোবা মাঠ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ এবং ২৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা।
পরে একই দিন ১০টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপি-এর একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, ৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১,৬৪৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং দিন-রাত নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৯ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী ও এনার্জি ড্রিংক্স জব্দ করেছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক শুক্রবার (২৬ জুন) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খারেরা বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় অবৈধ ৫৫১ পিস উন্নতমানের শাড়ী ও ৭৫৬ পিস রাব্বুল এনার্জি ড্রিংকস জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-৬৯ লক্ষ ১৪ হাজার ৪০০ টাকা।
আরো বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
৪৯ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে গদখালী বাজার পাকা রাস্তার উপর হতে সাহাব উদ্দিন নামে ১ জন আসামীসহ ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার, ১টি মটরসাইকেল এবং ১টি মোবাইল আটক করে।পরে আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সাহাব উদ্দিন যশোরের বেনাপোল থানার বালুন্ডার ইয়াছিন সরদারের ছেলে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পটুখালী গমন করছিল। আটককৃত স্বর্ণের মূল্য ২ কোটি ২১ লক্ষ ৪৬ হাজার ৭৫০ টাকা, ১টি মটরসাইকেলের দাম ১ লক্ষ ৫ হাজার এবং ১টি মোবাইল এর মূল্য ১৪ হাজার টাকাসহ সবমিলিয়ে সিজার মূল্য ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা। মামলা দায়েরের পর তাকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।



































