বাঙলা প্রতিদিন প্রতিবেদক: সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সব দায়িত্ব পরিচালনা করতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দায়িত্বটি বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা প্রত্যাশার পর, অনেক ত্যাগ, অত্যাচার, গুম, নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বার্থে কাজ করবে। দল-মত নির্বিশেষে দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।
এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



































