বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা ২০২২ গতকাল শুক্রবার দেশব্যাপী ২৮৫ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকাস্থ সাভার কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। নকল প্রবনতা প্রতিরোধে কঠোরতা অবলম্বন করে তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময়ে প্রো-উপাচার্য (শিক্ষা ) এর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্ল্যাহ মাহামুদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম ঢাকা বাড্ডায় একেএম রহমত উল্লাহ কলেজ ও ঢাকা মহানগর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য তাঁরা যথাযথ পদক্ষেপ নেন। এ সময়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পড়ালেখার কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করা হয়।
এ দিনে (শুক্রবার) সমাজ বিজ্ঞান, মানবিক ও ভাষা অনুষদের ডিন অধ্যাপক তানভীর আহসান চট্টগ্রাম মহানগরে অবস্থিত চিটাগাং কলেজ, হাজী মোহাম্মদ মোহসীন কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ ছাড়াও বাউবির ভিজিল্যান্স টিমের শিক্ষক ও কর্মকর্তারা সারা দেশে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।



































