নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ভতুর্কি মূল্যে সারা দেশে আজ মঙ্গলবার (২ আগস্ট) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। সারা দেশের এক কোটি পরিবার কার্ডধারী পর্যায়ক্রমে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন।
এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধুসিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।
সংস্থাটি বলছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন। তবে সারা দেশে এই পণ্য এক দিনেই বিক্রি শুরু হবে না। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকদের তালিকা করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য দেবে টিসিবি।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, এই দফায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আজ মঙ্গলবার (২ আগস্ট) শুরু হয়ে চলবে ১৪ আগস্ট পর্যন্ত।এবার এক কোটি কার্ডধারীর সবাই পণ্য কিনতে পারবেন এবং কোন ধরনের বিশৃঙ্খলা থাকবে না বলে আশা করছি।
উল্লেখ্য, এখন আগের মতো ট্র্যাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা দূর হয়েছে।


































