ক্রীড়া ডেস্ক: পিসিবি ও আইসিসির মধ্যে টানাপোড়েনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়ারই কথা ছিল না। ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরপর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টির কারণে পন্ড হয়ে যেতে পারে দুই দলের মহারণ।
আগামী ১৫ ফেব্রুয়ারী মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনটাই জানিয়েছে জিও টিভি। কলম্বোতে স্থানীয় সময় সন্ধা ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে তার এক ঘন্টা আগে থেকে ঐ এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
ফল আসতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমলে ডিএলএস পদ্ধতিতে বিজয়ী নির্ধারণ করা হবে। খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। কারণ গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় রিজার্ভ ডে নাই।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান ও ভারত। দুই দলই ইতোমধ্যে খেলেছে দুটি করে ম্যাচ। সমান চার পয়েন্ট ভারত ও পাকিস্তানের। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। পাকিস্তানের সামনে সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নম্বরে ওঠার। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে।



































