বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, ‘ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত।’
তিনি বলেন, ‘এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ সরকারে যারাই আছেন, অন্তর্বর্তী সরকার যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে পুরান ঢাকার যে বিল্ডিংগুলোর কথা মনে মনে চিন্তা করেন, আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন। আর আজকে সকালে ভূমিকম্পে নিশ্চয়ই ভাবার কোন কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে।’
কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন এন্ড প্লানিং করেন সবকিছু মিলিয়ে আমার মনে হয়, দিস ইজ রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কীভাবে করা যায় সেই উদ্যোগ নেয়া উচিত বলেও যোগ করেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। ডা. জাহিদ বলেন, আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব উন্নত দেশ তাদের রেসপন্ড ঠিক ততটুকু নেই। যার জন্য ইদানিং দেখবেন বাংলাদেশে কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো গরম বেশি, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে।
সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিলো ৫ দশমিক ৭। এই সময়ে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়। হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে আলোচনা সভার নেতাকর্মীরা দ্রুত মিলনায়তন থেকে বেরিয়ে আসেন।



































