বাঙলা প্রতিদিন প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মরত কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েছেন প্রকল্পে কর্মরত কর্মীরা।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার পর জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেন ‘তথ্য আপা’ প্রকল্পের আন্দোলনরত কর্মীরা। তবে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের আটকে দেয়, যার ফলে সেখানেই তারা অবস্থান নেন।
এর আগে গত ২৮ মে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চার দফা দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেন তারা। আন্দোলন চলাকালে বেশ কয়েকজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দাবি চারটি থেকে হালনাগাদ করে বর্তমানে দুই দফা দাবি উত্থাপন করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—১. সমগ্রেডে পদ সৃষ্টি করে প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা। ২. বকেয়া বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।
আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের নভেম্বরে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা কাজ শুরু করেন। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে প্রায় ১,৯৬৮ জন কর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন—তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), তথ্যসেবা সহকারী (১৬তম গ্রেড), অফিস সহায়ক (২০তম গ্রেড)
তাদের দাবি, তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তবুও তাদের চাকরি স্থায়ীকরণ না হওয়ায় হতাশায় রয়েছেন।



































