বাঙলা প্রতিদিন ডেস্ক: ২২তম বিসিএস (সকল ক্যাডার) ফোরামের সভাপতি হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাফিজুল্লাহ্ খান লিটন এবং বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপার আসফিকুজ্জামান আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৫ অক্টোবর রাজধানীর অফিসার্স ক্লাবে ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছায় পদত্যাগ করায় নতুন এ কমিটি গঠন করা হয়।
২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের সভাপতি শামসুল ইসলাম মেহেদীর সঞ্চালনায় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত সদস্যরা ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে একমত হন এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে হাফিজুল্লাহ্ খান লিটনকে সভাপতি ও আসফিকুজ্জামান আকতারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শিগগিরই সব ক্যাডারের প্রতিনিধি সদস্যদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নবনির্বাচিত সভাপতি হাফিজুল্লাহ খান লিটন জানিয়েছেন।



































