সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামে জনি খান নামে পুলিশের এক কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়েছেন এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামির নাম কবির আহম্মদ।
রবিবার সকালে জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় মামলার বাদিকেও কুপিয়ে আহত করেন ওই আসামি। আহত পুলিশ সদস্য বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রামের এসপি এসএম রশিদুল হক বলেন, রবিবার সকালে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি কবিরকে গ্রেফতার করতে যান। বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরে ফেললে পুলিশ সদস্যের বাম হাতে দা দিয়ে কোপ মারেন। এতে তার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সুযোগ কবির পালিয়ে যান। তিনি যাওয়ার সময় মামলার বাদি আবুল হোসেনকে কোপ মারেন। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কবিরকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।



































