বাঙলা প্রতিদিন প্রতিবেদক: অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এর মাধ্যমে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন বা আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে বলে আশা করছে সরকার।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, এনইআইআর কার্যকর হলে অবৈধভাবে আমদানিকৃত, নকল বা চোরাই মোবাইলের ব্যবহার বন্ধ হবে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। পাশাপাশি চুরি বা অপরাধে ব্যবহৃত ফোন দ্রুত শনাক্ত ও ব্লক করা যাবে, যা অপরাধ দমনেও সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, এনইআইআর শুধু প্রযুক্তিগত ব্যবস্থা নয়, এটি নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও টেলিযোগাযোগ খাতের স্বচ্ছতা রক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফয়েজ আহমদ বলেন, বিটিআরসির পাশাপাশি দেশের চারটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশ নিজেদের ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) সিস্টেম উন্নয়নে কাজ করছে। এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, সিম প্রতারণা ও বিভিন্ন স্ক্যাম কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। একইসঙ্গে ই-কেওয়াইসি যাচাই আরও শক্তিশালী হবে এবং টেলিকম খাতে রাজস্ব বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে। সবাইকে বৈধ হ্যান্ডসেট ব্যবহারে সচেতন ও উৎসাহী হতে হবে।
এ সময় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















































