বাঙলা প্রতিদিন ডেস্ক : অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন আজ সেদেশে ক্যানবেরার সরকারি ভবনে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসি-এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গর্ভনর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারি গেরাল্ড মার্টিন এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র্রমন্ত্রীর প্রতিনিধি ক্যাটরিনা কুপার, হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
এসময় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলি আলোচনা হয়। গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পূর্বে এফ এম বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


































