‘
বাঙলা প্রতিদিন প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। তিনি বলেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না।
সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ঈদ আনন্দ উৎসবে তিনি এই কথা বলেন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব।’
এর আগে সকাল ৮টায় চীন মৈত্রী সম্মেলনের পাশের মাঠে ঈদের জামাত শেষে সুলতানি আমলের আদলে শোভাযাত্রা বের হয়। এতে উপদেষ্টা আসিফ মাহমুদসহ লাখো মানুষ অংশ নেন।



















































