বাংলাদেশের তরুণ অভিনেতা ও ফ্যাশন মডেল শেখ ফরিদ পলক এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেলেন। অ্যামাজন প্রাইমের জন্য চলচ্চিত্রে কাজ করার পর এবার তিনি অংশ নিয়েছেন চীনের একটি ঐতিহ্যবাহী ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ ফটোশুটে।
২০১৮ সালে ছোট পর্দার অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন শেখ ফরিদ পলক। এরপর নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং ফ্যাশন মডেলিংয়ে ধারাবাহিকভাবে কাজ করে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।
সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশের ঐতিহাসিক শহর সেনজোতে অনুষ্ঠিত হয় এই বিশেষ ফটোশুট। শত বছরের ঐতিহ্যবাহী স্থাপনাকে ঘিরে আয়োজিত শুটিংয়ে চীনের ঐতিহ্যবাহী পোশাকে ভিন্ন এক রূপে ধরা দেন পলক। আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত এই ফটোশুট ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, চীনা ফ্যাশন কোরিওগ্রাফার জোজো চেন এমন একজন আন্তর্জাতিক মডেল খুঁজছিলেন, যিনি বৈচিত্র্য ও ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের প্রতিনিধিত্ব করতে পারবেন। সেই খোঁজ থেকেই বাংলাদেশের শেখ ফরিদ পলকের সঙ্গে যোগাযোগ করা হয়।
চীনে কাজের অভিজ্ঞতা নিয়ে পলক বলেন, দেশের বাইরে এর আগেও হলিউডের একটি চলচ্চিত্রে কাজ করেছি। তবে চীনের এই ফ্যাশন ম্যাগাজিনে কাজ করার অনুভূতি একেবারেই আলাদা। কারণ এখানে আমি শুধু একজন শিল্পী নই, একজন বাংলাদেশি মডেল হিসেবেও দেশের প্রতিনিধিত্ব করেছি।
তিনি আরও বলেন, “যখন আমার নামের পাশে বাংলাদেশ লেখা থাকবে, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ।”
বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও নিয়মিত কাজ করছেন শেখ ফরিদ পলক। দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের প্রচারণা ও ফ্যাশন ক্যাম্পেইনে তাকে নিয়মিত দেখা যায়।
এছাড়াও জানা গেছে, চীনের একটি স্ট্রিমিং মিডিয়া প্ল্যাটফর্মের নতুন প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
দেশীয় বিনোদন অঙ্গন থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শেখ ফরিদ পলকের এই যাত্রা নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি গল্প।



































