জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী বিরোধে পাভেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পাভেল উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নূরুল আমীনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মতিউর রহমান বাচ্চু টিউবওয়েল প্রতীক ও মোহাম্মদ আলী মোরগ প্রতীকের মাঝে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে হাজেরা খাতুন (৫৫), রইছ উদ্দিন (৬৫), পাবেল মিয়া (২০), নুরুল আমিন (৪৫), জুয়েল মিয়া (৩০) আহত হয়। পরে গুরতর আহত পাবেল মিয়া বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত পাবেল পরাজিত মেম্বার প্রার্থী মতিউর রহমান বাচ্চুর সমর্থক ছিলেন।
সংঘর্ষে আহত জুয়েল মিয়া জানান, নিহত পাবেল তার জেঠাত ভাই। মঙ্গলবার সকালে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থক একই গ্রামের রমজান আলী (৪০), আবুল কালাম (৫৫), আব্দুস ছালাম (৫০), আল আমিন (২৫) ও রাজিবপুর ইউনিয়নের গাথিপাড়া গ্রামের শাহজাহান (৩৫)বাড়ি থেকে ডেকে নিয়ে তাদের উপর হামলা করে।
এবিষয়ে অভিযুক্ত মেম্বার মোহাম্মদ আলী ও তার সমর্থকদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে ফোন রিসিভ না করে কেটে দেয় ও পড়ে ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।



































