বাঙলা প্রতিদিন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা। প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের সঠিক ভারসাম্য রক্ষা করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। তিনি মন্ত্রণালয়ের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
দিনব্যাপী প্রশিক্ষণে সম্পদব্যক্তি হিসেবে সেশন পরিচালনা করেন সাবেক সচিব মোস্তা গাউসুল হক। প্রশিক্ষণে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































