বাঙলা প্রতিদিন ডেস্ক : আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন সংক্রান্ত সিদ্ধান্ত ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় তারুণ্যের উৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপন্থা পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
‘তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজনের বিভিন্ন উদ্যোগসমূহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, এইবারের তারুণ্যের উৎসবের আয়োজনকে ইন্টারনেশনালি পার্টিসিপেটিং করা হবে। সেই লক্ষ্যে সার্ক-সহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনে গ্লোবাল ইয়ুথ সামিট আয়োজন করা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরো বলেন, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের লক্ষ্যে এই অর্থবছরে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উক্ত বাজেট বরাদ্দ হতে অর্থ ছাড় করানো যাবে। তারুণ্যের উৎসবের সাথে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথাকে যুক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রান্তিক পর্যায় (ইউনিয়ন) পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরতে জুলাই আন্দোলনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করে।



































