নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
রাজধানীর দক্ষিণখানে দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা টাকার বিনিময়ে বিক্রি ও নিজ হেফাজতে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার মো, শামীম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আরো বলেন, ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে প্রধান করে তিন জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছে। ধৃত আসামীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, অভিযানকালে ওই ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুইটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। রোগীর বেডের নিচ থেকে একটি ও পরে ধৃত প্রধান আসামীর বাসার ফ্রিজের ভেতর তল্লাশী চালিয়ে ডায়াল করোনার মার্ডানা ভ্যাকসিন দুটি জব্দ করা হয়।
এদিকে, দক্ষিণখান থানার ওসি (তদন্ত) আজিজুল হক মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি।
তিনি আরো বলেন, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দক্ষিণখানের চালাবন হাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০টি টিকার বক্স জব্দ করা হয়। প্রতিটি বাক্সে ১০টি করে ইঞ্জেকশন থাকে। এসময় ফার্মেসিতে এক দম্পতিকে করোনার টিকা দেওয়া হচ্ছিল। পরে ওই দুটি টিকাও জব্দ করা হয়। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো পরে আমরা জব্দ করি। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করা হয়। এসময় বাকী আরও ২ জন কৌশলে পালিয়ে যায়।
অপরদিকে, দক্ষিণখান জোনের পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনা (এডিসি) ইয়াসিন আরাফাত আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, করোনার ভ্যাকসিন অবৈধ ভাবে নিজ হেফাজতে রাখে বিক্রির অভিযোগ আনা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মামলাটি থানায় রেকর্ড করা হয়। যার মামলা নম্বর -২২(৮)২০২১। ওই মামলায় মোট ৩ জনকে আসামী করা হয়েছে। প্রধান আসামী প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭)কে আটক করা হলেও বাকী আরও ২ অঙাত আসামী এখনও পর্যন্ত পলাতক রয়েছে। তাদেরকে ধরতে দক্ষিণখানসহ বিভিন্ন এলাকায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানান, সরকারি টিকা ফার্মেসিতে কীভাবে আসলো, এর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত কি না সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। পরে এ ঘটনায় ফার্মেসি থেকে করোনার টিকা দেওয়ায় তিন জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
আজিজুল হক মিয়া বলেন, গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা ৫শ থেকে এক হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এই টিকা পেয়েছেন তা জানা দরকার। এজন্য তাকে আমরা আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



















































