সংবাদদাতা মাদারীপুর : মাদারীপুরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ
মাদারীপুরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কামরুল ইসলাম দেড় মাস আগে চরমুগরিয়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে রাজৈর উপজেলা খাদ্য অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাশিপাড়া গ্রামের। তিনি নুরুল ইসলাম খালাশীর ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন অফিসের স্টাফরা। পরে পুলিশ গিয়ে সুরাতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক কোনো ঝামেলা কিংবা অফিস সংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না, এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।’


















































