মাঠে মাঠে ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার।
আগামী মাসের ১১ তারিখ শুরু হচ্ছে পিএসএল। সেই টুর্নামেন্টে পেশওয়ার জালমিতে খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা। তবে হয়তো পিএসএলে খেলার সুযোগ হবে না বাংলাদেশের এই স্পিডস্টারের। কারণ, আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। আর সেই দলে নাহিদ রানা থাকলে পিএসএলে খেলার সুযোগ হারাবেন তিনি।
তবে বাংলাদেশের অধিনায়ক শান্ত মনে করেন নাহিদের পিএসএলে খেলতে যাওয়া উচিত। সোমবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন শান্ত।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘(নাহিদ রানার) এই ধরনের (পিএসএল) টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক-সবকিছুর ওপরে।‘
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।‘



















































