নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আজ সোমবার সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
গত ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রথম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।
ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ।



































