স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিষয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায় এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে রংপুর রাইডার্স।
টিকিটের বিষয়ে জানতে চাইলে ইফতেখার রহমান মিঠু জানান, আজকের স্থগিত হওয়া ম্যাচের টিকিটেই কালকের ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।



































