স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশ কাটাল মনের মতো করে। দুই ওপেনার যখন উইকেটে জমে গিয়েছিলেন, ঠিক তখনই তাইজুল ইসলাম প্রথম আঘাত হানেন। ফেরান শুভমান গিলকে। আরেক ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করেন খালেদ আহমেদ। ঠিক পরের ওভারেই বিরাট কোহলিকে তুলে নেন তাইজুল ইসলাম। লাঞ্চের আগে তাতে ৩ উইকেট নেই ভারতের।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয় খেলা। প্রথম সেশন শেষে ২৬ ওভারে ভারতের স্কোর ৮৫/৩। রিশভ পান্ত ২৬ বলে ২৯ ও চেতেশ্বর পূজারা ৩২ বলে ১২ রান নিয়ে ব্যাট করছেন।
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১৪তম ওভারে। তাইজুলের বলে ইয়াসিরের হাতে ক্যাচ হন গিল। ফলে ৪১ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
তাইজুলকে সুইপ শটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন গিল। বল ব্যাটের উপরের কানায় লেগে হাওয়ায় ভাসে। স্লিপে ফিল্ডিং করা ইয়াসির লেগ স্লিপে দৌড়ে গিয়ে ক্যাচ নেন।



































