ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন : গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও রাজশাহীতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়াগেছে। এরমধ্যে ময়মনসিংহে ৫ জন ও রাজশাহীতে ৪জন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
প্রতিনিধি রাজশাহী থেকে জানান: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করােনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ জনের শরীরে করােনাভাইরাস ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।
আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময় তারা মারা যান। আজ সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পজিটিভ এবং দুজনের করােনা উপসর্গ ছিল। মৃতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। যাদের তিনজনের বাড়ি রাজশাহী জেলায় ও একজনের নওগাঁ।
হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মারা যান তিনজন এবং অপরজন মারা যান আইসিইউতে। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করােনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৪ জন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রােগী। হাসপাতালে ১০৪ শয্যার করােনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত রােগী ভর্তি ছিলেন ৫১ জন।
এদের মধ্যে রাজশাহীর ২৮, চাঁপাইনবাবগঞ্জের ৭, নওগাঁর ৩, নাটোরের ৩, পাবনার ৩, কুষ্টিয়ার ৩, সিরাজগঞ্জের ১, রাজবাড়ির ১, ঝিনাইদহের ১ এবং মেহেরপুরের একজন রয়েছেন।
এদিকে, শুক্রবার মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের শরীরে করােনাভাইরাস ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।
ময়মনসিংহ প্রতিনিধি জানান :গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করােনা ওয়ার্ডে করােনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজন করােনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করােনা উপসর্গে মারা গেছেন আরাে চারজন।
এরা হলাে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মিম (১৮), জামালপুরের মাে. হালিম (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার সামাদ (৫৫), এবং কিশােরগঞ্জ করিমগঞ্জ উপজেলার আশালতা সরকার (৬৮)। তারা করােনা উপসর্গ ছাড়াও অন্যান্য রােগে ভুগছিলেন। করােনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ১০ জন নতুন ভর্তিসহ ৮৬ জন। চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের। করােনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।



































