আনন্দঘর প্রতিবেদক : জনপ্রিয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। এবার সিঙ্গাপুরে ড্যান্স থিয়েটার-বিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য ‘সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজ’-এ ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পূজা সেনগুপ্ত।
জানা গেছে, আগামী ১২-১৩ আগস্ট সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে এই মাস্টারক্লাসটি পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। ড্যান্স থিয়েটার নির্মাণে তার নিজস্ব নির্মাণ কৌশলের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগবিষয়ক এই মাস্টারক্লাসে অংশ নেবেন কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থীরা।
এ সম্পর্কে পূজা সেনগুপ্ত বলেন, “আমাদের দেশে বিদেশি নাচের চর্চা হয় তুলনামূলকভাবে একটু বেশি। কিন্তু ‘তুরঙ্গমী’ শুরু থেকেই দেশীয় সংস্কৃতির নাচ করে থাকে। নাচের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এখন আমাদের দেশের নাচ স্টাডি করতে বিদেশিরা আগ্রহী হচ্ছেন এটা খুবই আনন্দের বিষয়। আমি মনে করি এটা আমাদের অনেক বড় একটা অর্জন। আশা করি ভবিষ্যতেও নাচের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব।”
পূজা সেনগুপ্ত জানান, সিঙ্গাপুরের উদ্দেশে আগামী ১০ আগস্ট দিবাগত রাতে ঢাকা ছাড়বেন। আগামী ১৮ আগস্ট দেশে ফিরবেন তিনি।
উল্লেখ্য, পূজার নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত একজন গবেষক। পূজা বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন।
২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় Herzen স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তার নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।



















































