আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুসারে ১৯৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে বিজেপির জয় স্পস্ট হতেই এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন, কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার ‘ভূমিপুত্র’কে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের ‘বহিরাগত’ তকমা ঘোচাতে। সেই প্রতিশ্রুতি মেনে সম্ভাব্য নামের তালিকায় সবার আগে উঠে আসছে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ফলে বর্তমান প্রবণতা বজায় থাকলে রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
এই ফলাফলের প্রবণতার মধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা, বিজেপি ক্ষমতায় এলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।
বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সমাপ্তি ঘটতে চলেছে এবং বিজেপিই সরকার গঠন করবে।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।
সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজনৈতিক মহলে ও ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সদস্য স্বপন দাশগুপ্ত।
তবে দলীয়ভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।



















































