নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ জুলাই ২০২৩ তারিখ ‘এফবি সোহরাব’ নামক ফিশিং বোট ১৫ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গমন করে। মাছ ধরা শেষে ফেরার সময় মঙ্গলবার (১ আগস্ট) নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে জাহাজমারার দমারচর সংলগ্ন এলাকায় বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান হাতিয়া অবগত হলে দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। পরবর্তীতে বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক আনুমানিক ১৫৩০ ঘটিকায় ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নোয়াখালী জেলার হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।



































