সিরাজগঞ্জ প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শাহজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌবন্দরে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব উদ্যাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদ্যাপন করে আসছে। এরই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার সংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।
উল্লেখ্য, নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, দ্বিতীয় স্থান অর্জন করে ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং তৃতীয় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১ লাখ টাকা, ৭৫ হাজার টাকা এবং ৫০ হাজার টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।



































