বাঙলা প্রতিবেদকঃ অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ‘ম্যাজিক’ নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।তিনি বলেন, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। ঢাকাসহ সারাদেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।
জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে বলে জানান তিনি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।
সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়ে আইজিপি বলেন, এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। সেইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।
ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নাই বলে মন্তব্য করেন সাজ্জাত আলী। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে।


































