বাঙলা প্রতিদিন প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসছে জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।
তিনি বলেন, ‘৯১ থেকে এখন পর্যন্ত সব নির্বাচনেই সহিংসতা ছিল। তবে এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এজন্য সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব আছে এবং সাংবাদিকদের নিরাপত্তাও খুব জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
‘৯১ এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।
এদিন অনুষ্ঠানে বক্তব্যকালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। বিশেষ করে ডিজিটাল স্পেসে নারী প্রার্থী ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর জোর দেন তিনি।



















































