বাঙলা প্রতিদিন ডেস্ক : জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ কমিশনের সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সভার শুরুতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সাথে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন বিষয়ে
রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য দূরীকরণে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনার শেষে কমিশনের সদস্যগণ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে স্বতঃস্ফূর্ত এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।


















































