বাঙলা প্রতিদিন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় জামায়াতের প্রচার বিভাগ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ২৩ জানুয়ারি (জুমাবার) দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ ছাড়া ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।



















































