নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে
সর্বদা সোচ্চার ছিলেন। দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন
দৃঢ়প্রতিজ্ঞ।
মন্ত্রী আজ নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ
জেলা শাখা আয়োজিত মহান মে দিবস-২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলন
(ন্যাম) শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে
বলেছিলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষক, আর অন্যদিকে শোষিত।
আমি শোষিতের পক্ষে।’ ভাষণের মাধ্যমে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষ বঙ্গবন্ধুকে
হৃদয়ে স্থান দিয়েছিল। বঙ্গবন্ধু জানতেন শোষিত নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠিা না হলে সমাজে সাম্যতা আসবে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বাংলার মাটি যদি
থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সুফলা, শস্য-
শ্যামল বাংলায় রূপান্তরিত করব।’ বাংলাদেশ এখন খাদ্য শস্য উৎপাদনে
স্বয়ংসম্পূর্ণ। শ্রমিকরা জাতীয় অর্থনীতির চাকা সচল রাখে। তাই শ্রমিকদের জন্য
কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। উন্নত কর্মপরিবেশ শ্রমিকের কর্মদক্ষতা ও
প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে। তাই শোভন কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগ করতে
হবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের
অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী
শ্রমিকদের কল্যাণে মালিকদের সাথে কথা বলে তাদের মজুরি বৃদ্ধি করেছেন। দেশের
ভেতরে ও বাইরে কর্মরত শ্রমিকদের কঠোর পরিশ্রমে দেশ অনেক এগিয়েছে।
অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন
জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















































