নিজস্ব প্রতিবেদক:
ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা বাংলাদেশে আসছে আগামীকাল বুধবার। করোনাভাইরাস প্রতিরোধী ২০ লাখ টিকা ভারত থেকে বাংলাদেশে আসার তথ্য নিশ্চিত করেছেন স্বস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা ভারত সরকার উপহার হিসেবে দিচ্ছে বাংলাদেশকে। টিকা ব্যবহারের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রাণলয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা। আমাদের সঙ্গে যে চুক্তি আছে এই টিকা তার অতিরিক্ত। এটা আসছে এটা আমরা কনফার্ম। তবে বুধবার আসতে পারে। দুয়েকদিন দেরিও হতে পারে। ভারতের হাইকমিশনের সঙ্গে আমার কথা হয়েছে। চিঠিতে এরকমই বলা আছে। হয়ত ২১ তারিখও হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধী ২০ লাখ ডোজ টিকা আগামী বুধবার দেশে আসার কথা রয়েছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন প্রথম লট চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।



















































