নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন মহিলা আওয়ামী লীগের নেত্রী ও একজন তাদের বহনকারী মাইক্রোবাসের চালক। গতকাল ভোর সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করে চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে সাতজন নারী ও এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছি। এ সময় মাইক্রোবাস ও বিভিন্ন প্লাকার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


















































