এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাটে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ প্রক্রিয়াটি সরাসরি তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব মিয়া। এ সময় জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার ৫টি থানায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। নিষ্পত্তি হওয়া ৩৯টি মামলার বিপরীতে জব্দকৃত এই মালামাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল গাঁজা ৮০ কেজি ৪০০ গ্রাম ফেন্সিডিল ৪১৩ বোতল, ইস্কাপ সিরাপ ২,৩৪৯ বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ অবৈধ কসমেটিকস।
ধ্বংসকৃত এসব মাদক ও কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। মামলা নিষ্পত্তি হওয়ার পর জব্দকৃত মাদকগুলো ধ্বংস করার মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।



















































