বাঙলা প্রতিদিন প্রতিবেদক: দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রায় ১৯ বছর পর এ স্থানে এসে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
আজ দুপুর থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের।



















































