বাঙলা প্রতিদিন প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ জুন) থানার কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে , কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি এবং প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের কালুরঘাট থেকে পটিয়ার দিকে নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুন) বিকালে কালুরঘাট ব্রিজ এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে র্যাব সদস্যরা।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি সিএনজি এবং প্রাইভেটকারকে থামানের জন্য সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. ফারুক, জায়েদা বেগম, ইকবাল হোসেন ও প্রদীপ মল্লিক নামে চার মাদক কারবারীকে আটক করে।
এসময় সিএনজি ও প্রাইভেট কার তল্লাসী করে বিশেষ কৌশলে রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব-৭।



















































